পুবের কলম, ওয়েবডেস্ক: উৎসবের মরশুম ও দীপাবলির ঠিক মুখেই দেশজুড়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় আরও বাড়িয়ে দিল সরকারি তেল বিপণন সংস্থাগুলি। রবিবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম শহরভেদে সিলিন্ডার প্রতি ১০ টাকা থেকে ১৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের বর্ধিত মূল্য দাঁড়িয়েছে ২,৮২০ টাকা।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় উৎসবের মরশুমে রেস্তোরাঁ, হোটেল, ক্যাফে এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতে চলেছে।

সংশোধিত হার অনুযায়ী, ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি নতুন সংযোগের দাম দাঁড়িয়েছে ১,৯০৩ টাকা এবং রিফিলের দাম রাখা হয়েছে ৭৮২ টাকা।

বাণিজ্যিক গ্যাসের দরবৃদ্ধির ঘোষণার পর কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার তীব্র করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইনফ্লেশন ম্যান’ (মূল্যবৃদ্ধির নায়ক) অ্যাখ্যা দিয়ে সামাজিক মাধ্যম কটাক্ষ করেছে হাত শিবির। কংগ্রেস দলের পক্ষ থেকে এক্স-পোস্টে লেখা হয়, "দীপাবলির ঠিক আগেই 'ইনফ্লেশন ম্যান' আবারও চাবুক চালিয়েছেন।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আরও ১৭ টাকা পর্যন্ত মহার্ঘ হলো। চলতি বছরের প্রথম ১০ মাসেই মোদীজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,২৮৭ টাকা বাড়িয়েছেন। বছরের শুরুতে যে সিলিন্ডারের দাম ছিল ১,৬৮৪ টাকা, আজ তা গিয়ে পৌঁছেছে ২,৯৭১ টাকায়। মোদীজির একটাই অ্যাজেন্ডা—জনগণকে লুট করা।"