পুবের কলম ওয়েব ডেস্ক: গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে এবার নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে কারা এবং কোন পদে চাকরি পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পর থেকে যাঁরা নির্বাচন বা নির্বাচন-পরবর্তী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন, তাঁদের পরিবারের একজন সদস্য গ্রুপ ডি পদে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরিপ্রাপককে অবশ্যই মৃত ব্যক্তির ওপর নির্ভরশীল পরিবারের সদস্য হতে হবে।

মৃত ব্যক্তির স্বামী, স্ত্রী, ছেলে বা মেয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া মৃত্যুর আগে আইনত দত্তক নেওয়া সন্তানরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য।
চাকরির আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, আবেদনকারীকে সরকারের নির্ধারিত একটি ফর্ম পূরণ করে তা জেলাশাসকের কাছে জমা দিতে হবে। ফর্মের সঙ্গে মৃত ব্যক্তির শংসাপত্র, আবেদনকারীর সঙ্গে সম্পর্কের প্রমাণ, ঘটনার এফআইআর কপি এবং আদালতে অভিযুক্তের বিরুদ্ধে থাকা চার্জশিটও জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন জমা পড়ার পর জেলা স্তরের একটি স্ক্রিনিং কমিটি আবেদনকারীর যোগ্যতা যাচাই করবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এবং কালেক্টরেটে নিয়োগ করা হবে। যদি কোনও আবেদনকারী জেলা স্তরের কমিটির সিদ্ধান্তে অসন্তুষ্ট হন, তবে তিনি ৩০ দিনের মধ্যে 'ফর্ম বি' পূরণ করে রাজ্য স্তরের কমিটির কাছে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে চাকরি পাওয়ার পরও কিছু শর্ত পালন করতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, চাকরিপ্রাপ্ত ব্যক্তিকে প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে 'ফর্ম সি' জমা দিয়ে এই অঙ্গীকার করতে হবে যে, তিনি মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য নির্ভরশীল সদস্যদের ভরণপোষণের দায়িত্ব পালন করবেন।