পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে রাজ্যসভা সাংসদ কপিল সিব্বাল মন্তব্য করেছেন, সরকার যখন নিজেই সংবিধান এবং জনগণের ভোটাধিকারকে ‘বুলডোজ’ করে দিয়েছে, তখন বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলার কোনো অধিকার তাদের নেই। কেন্দ্র সরকারই প্রকৃতপক্ষে "দিমাগি বুলডোজার" বলে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন:
শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের আয়োজিত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এক প্রতীকী গণ-ইমপিচমেন্ট কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী এই মন্তব্য করেন। সিব্বাল বলেন, "প্রথম প্রশ্ন হলো—আমরা কেন এখানে জড়ো হয়েছি?
বাস্তবতা হলো, আমরা যখন সংসদে যাই, আমাদের কথা কেউ শোনে না; আমরা মুখ খুললে সরকার শুনতে চায় না; আমরা প্রতিবাদ করলে লাঠিচার্জ করা হয়; আর মূলধারার সংবাদমাধ্যম কেবল সরকারের বয়ান তুলে ধরে।"সাংসদের কথায়, বিগত ১২ বছরের মধ্যে এই প্রথম দেশের সাধারণ মানুষ বিরোধীদের কথা শুনতে শুরু করেছে। সিব্বাল দাবি করেন, "জনগণের মনে জ্ঞানেশ কুমার ইতোমধ্যে ইমপিচড বা অপসারিত হয়েছেন। দেশের ৬০ শতাংশ মানুষের সমর্থন বিরোধীদের পেছনে রয়েছে।"আরও পড়ুন:
নির্বাচনী অনিয়ম কেবল জ্ঞানেশ কুমারের সময় শুরু হয়নি উল্লেখ করে সিব্বাল মনে করিয়ে দেন, ২০২৩ সালে রাজীব কুমার সিইসি থাকাকালীনই প্রধান নির্বাচন কমিশনারকে আইনি সুরক্ষার আইন আনা হয়েছিল। তিনি বলেন, "জ্ঞানেশ কুমার দাবার ছকের একটি ঘুঁটি মাত্র। আসল অপরাধী হলো দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো উজিররা (মন্ত্রীরা)। তারা আমাদের 'দিমাগি নকশাল' বলে, কিন্তু আমি বলব আপনারা নিজেরা 'দিমাগি বুলডোজার'। আপনারা আমাদের সংবিধান, আমাদের অধিকার এবং জনগণের ভোটকে বুলডোজ করেছেন।"