পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই সমাবেশে অসংখ্য মানুষ জমায়েত হন। এই মঞ্চ থেকেই এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবিষ্যতের প্রতিবাদের নেতৃত্ব কংগ্রেসের হাতে না দিয়ে যুব প্রজন্মের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।
বিকালে রামলীলা ময়দানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেনা ভঙ্গিতে কড়া ভাষায় আক্রমণ করেন।

মুখ্য নির্বাচন কমিশনারকে 'ভ্যানিশ কুমার' কটাক্ষ করে তিনি বলেন যে, মানুষের ভোটাধিকার, চাকরি এবং জীবন লুট করা হয়েছে। তাঁর দাবি, "আগে ভ্যানিশ হঠাও, তারপর অন্য কাজ।"
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন যে, সেখানে ভোট লুট করা হয়েছে। তিনি হারেননি, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারানো হয়েছে এবং বর্তমানে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেন মমতা। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় থাকলে শুধু সর্বনাশই হবে এবং ভোট ও গণতন্ত্র চুরির পেছনে তারাই মূল চক্রী।

"ভারত বাঁচান, গণতন্ত্র বাঁচান"- এই লক্ষ্য নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই লড়াইয়ে পড়ুয়া, মহিলা, জেন জি সবাই আসুন। যুব প্রজন্ম, আপনারা লড়াইয়ের নেতৃত্ব দিন, আমরা গাইড করব।" একইসঙ্গে তিনি বিচারব্যবস্থাকে আরও সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুব প্রজন্মকে নেতৃত্বের আহ্বান জানানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। এর ফলে প্রশ্ন উঠছে, তিনি কি পরোক্ষভাবে রাহুল গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন বা তাঁকে গুরুত্বহীন করতে চাইছেন? রামলীলা ময়দানে আসার পথে হুডখোলা গাড়িতে রাহুল গান্ধীর পেছনের সারিতে বসলেও, তাঁর এই বক্তব্য বিরোধীদের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা উসকে দিয়েছে।