পুবের কলম ওয়েব ডেস্ক: বিরোধীদের ‘নকল সংসদ’ নিয়ে এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধীদের বৈঠক এবং রবিবার রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভাকে কটাক্ষ করে শাহের দাবি, আসল সংসদে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাহুলের কোনওদিনই আসবে না। ছেলেকে প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন পূরণ করতে তাই সনিয়া গান্ধী এই নকল সংসদের আয়োজন করেছেন।
রবিবার চণ্ডীগড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে এই আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, "আমি রাহুলকে বলতে চাই, যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে আজীবন নকল সংসদেই থাকুন।
একইসঙ্গে ১ নভেম্বর রামলীলা ময়দানে কংগ্রেসের সভার দিনক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন শাহ। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লিতে হাজার হাজার শিখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। শিখ গণহত্যার বার্ষিকীতে রাজনৈতিক সমাবেশ করে কংগ্রেস শিখ শহিদদের ক্ষতে নুনের ছিটে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাহের কথায়, “এমন দিনে জলসা করলে আপনার মহব্বতের দোকান থেকে ঘৃণা ছাড়া কিছুই পাওয়া যাবে না।”
বিরোধীদের লাগাতার সংসদ অচল করে রাখার কৌশলকেও একহাত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “মিথ্যা বলা, অরাজকতা ছড়ানো, সংসদ চলতে না দেওয়া আপনাদের অভ্যাস। এই অভ্যাস থাকলে আরও ৫ বছর বিরোধী বেঞ্চেই থাকতে হবে।” উল্লেখ্য, নির্বাচনে কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি সরব হয়েছে ইন্ডিয়া জোট। পালটা ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলির বিরুদ্ধে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে পথে নেমেছে গেরুয়া শিবির।