বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া বাড়িয়ে কলকাতায় ১৮ টাকা এবং জেলায় ২০ টাকা করার দাবি জানাল বাস মালিক সংগঠন। এই দাবিতে সোমবার পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’-এর প্রতিনিধিদল। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে ভাড়া না বাড়ায় আর্থিক সংকটে পড়েছে বেসরকারি পরিবহণ শিল্প। তাই অবিলম্বে ভাড়া পুনর্বিবেচনা করা প্রয়োজন।
আরও পড়ুন:
সংগঠনের তরফে দেওয়া চিঠিতে কলকাতায় প্রথম চার কিলোমিটারের জন্য ন্যূনতম ১৮ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, জেলার বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ২০ টাকা করার দাবি জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে শেষবার আনুষ্ঠানিকভাবে বাসভাড়া বেড়েছিল ২০১৮ সালের ১১ জুন। তখন ন্যূনতম ভাড়া ধার্য হয়েছিল ৭ টাকা। যদিও বর্তমানে বেসরকারি বাসে উঠলেই যাত্রীদের অন্তত ১০ টাকা দিতে হয়।আরও পড়ুন:
গত সেপ্টেম্বর মাসে একাধিক বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে পুজোর পর ভাড়া বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন পরিবহণমন্ত্রী। সেই প্রেক্ষিতেই এবার একলপ্তে ন্যূনতম ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার প্রস্তাব পেশ করল ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’।
আরও পড়ুন:
সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, কলকাতায় অটোয় তিন কিলোমিটার যাতায়াত করতেই যাত্রীদের ১৮ টাকা ভাড়া দিতে হয়।
সেই তুলনায় বাসে প্রথম চার কিলোমিটারের জন্য ১৮ টাকা ভাড়া চাওয়া হয়েছে। তাঁর দাবি, গত আট বছরে বাসের যন্ত্রাংশের দাম কয়েক গুণ বেড়েছে। ডিজেলের দামও লিটারপ্রতি ১০০ টাকার কাছাকাছি। এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে বেসরকারি পরিবহণ শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। কলকাতা ও জেলার জন্য ন্যূনতম ভাড়ার পাশাপাশি পরবর্তী ধাপগুলির ভাড়াও বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিক সংগঠন।আরও পড়ুন:
উল্লেখ্য, গত কয়েক বছরে বাসভাড়া বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখতে দু’বার বিশেষ কমিটি গঠন করেছিল রাজ্য সরকার।
২০২১ ও ২০২২ সালে সরকারি আধিকারিকদের নিয়ে তৈরি ওই দুই কমিটির রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। সূত্রের দাবি, প্রথম কমিটি ন্যূনতম বাসভাড়া সরাসরি ২ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। দ্বিতীয় কমিটি বর্তমান চার কিলোমিটারের ভাড়ার ধাপ কমিয়ে তিন কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল।আরও পড়ুন:
তবে বাসভাড়া বৃদ্ধির দাবির পাশাপাশি যাত্রীদের একাংশের প্রশ্ন, ভাড়া বাড়লে পরিষেবার মানও কি উন্নত হবে? তাঁদের অভিযোগ, কলকাতা ও জেলার বহু বেসরকারি বাস ও মিনিবাসের পরিষেবা বর্তমানে সন্তোষজনক নয়। বাসচালক ও কন্ডাক্টরদের আচরণ নিয়েও রয়েছে নানা অভিযোগ। ফলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পাশাপাশি পরিষেবার মান উন্নত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যাত্রীরা।