পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ৯০ লক্ষেরও বেশি মানুষের নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লির সমাবেশ থেকে তিনি অভিযোগ করেন, বাংলায় ভুল পদ্ধতিতে এই এসআইআর হয়েছে। এবার তাঁর সেই মন্তব্যের সূত্র ধরেই তৃণমূলের বিরুদ্ধে পালটা সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, রাজ্যে ফের একবার এসআইআর হওয়া প্রয়োজন এবং তা সঠিকভাবে হলে আরও অন্তত ৩০ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়বে।


শমীক ভট্টাচার্য জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করেন, কারণ রাজ্যে যে পদ্ধতিতে এসআইআর হয়েছে তা একেবারেই সঠিক নয়। তবে এই পরিস্থিতির জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন তিনি। বিজেপি নেতার অভিযোগ, এসআইআর চলাকালীন বিডিওদের উপর হামলা হয়েছে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি থেকে কাগজপত্র বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকী অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের উপর চাপ সৃষ্টি, রাস্তা আটকে রান্না করা, বিডিও অফিসে অগ্নিসংযোগ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের নাম ভুলভাবে সিস্টেমে আপলোড করার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

শমীক ভট্টাচার্যের কথায়, রাজ্যে এখনও এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এই প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রশংসা করে তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করার দাবিও তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে, দিল্লিতে বিজেপি বিরোধী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের সমর্থনের বিষয়টি নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। শমীকের কটাক্ষ, যে দিন নবান্নে গিয়ে সিপিএম নেতৃত্ব ফিসফ্রাই খেয়ে এসেছিলেন, সে দিনই মুজফফর আহমেদ, হরেকৃষ্ণ কোঙার বা প্রমোদ দাশগুপ্তের মতো নেতাদের গড়া পার্টির আদর্শের মৃত্যু হয়েছে।