পুবের কলম ওয়েব ডেস্ক: ক্রমশ শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার মাঝরাতের পর দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের কাছে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন, গ্রহণ করা হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা।
এই ঘূর্ণিঝড় নিয়ে বঙ্গবাসীর মনে আতঙ্ক তৈরি হলেও আবহাওয়া বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, বাংলায় ‘মুরাসু’-র সরাসরি কোনও প্রভাব পড়বে না। তাই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ কোনও সতর্কতা জারি করা হয়নি।

তবে এর পরোক্ষ প্রভাবে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও এই দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে এবং শনিবার পর্যন্ত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা উপকূলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।