রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সকালে। আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল কলকাতা হাইকোর্ট চত্বরে। ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির এজলাসে হাজির হন তৃণমূল নেত্রী।

সূত্রের খবর, ভোট-পরবর্তী হিংসা মামলায় নিজেই সওয়াল করতে পারেন মমতা- এমন সম্ভাবনাকে ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। আদালতে তাঁর উপস্থিতি ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয় আইনজীবী ও রাজনৈতিক মহলে।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ও হিংসার অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই একাধিক মামলা পৌঁছেছে হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানির দিনেই আদালতে উপস্থিত হন মমতা।

তাঁর আইনজীবীর পোশাকে আদালতে আসা রাজনৈতিক মহলেও নতুন করে জল্পনা উসকে দিয়েছে। যদিও তিনি আদৌ আদালতে সওয়াল করবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।