কলকাতায় ফের অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে মহাকরণের পিছনে লায়ন্স রেঞ্জের একটি বহুতলে আগুন লাগে। ভবনের উপরের অংশ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

সোমবার সকালেও আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন।

রাজ্যের পুরনো প্রশাসনিক সদর দফতর মহাকরণে এখনও কয়েকটি দফতরের কাজকর্ম চলে। তার ঠিক পিছনের বহুতলে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বহুতলের একটি সংস্থার অফিসে আগুন লাগে। ভবনের উপর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলকে খবর দেন। এরপর একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

দমকল সূত্রে খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে সম্পূর্ণ আগুন নেভাতে আরও কিছুটা সময় লাগবে। কী কারণে আগুন লাগল এবং কীভাবে তা ছড়িয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

বহুতলটি মূলত বিভিন্ন সংস্থার অফিস হিসেবে ব্যবহৃত হয়। রাতের দিকে আগুন লাগায় ভিতরে কেউ আটকে থাকার আশঙ্কা তুলনামূলক কম বলে মনে করা হচ্ছে। তবে ভবনের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না এবং আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।