পুবের কলম ওয়েবডেস্ক, পাকিস্তানে মানবাধিকার রক্ষায় সরব আইনজীবী ইমান মাজারি ও তাঁর স্বামী হাদি আলি চট্টাকে ১০ বছরের কারাদণ্ড দিল সন্ত্রাসবিরোধী আদালত। ২০২৪ সালের ২৫ অক্টোবর ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় নিরাপত্তায় বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এই রায় ঘোষণা হয়। 

সরকারি কর্মীদের কাজে বাধা ও হামলার অভিযোগে আরও এক ও দুই বছরের সাজা এবং দু’জনকে ২ লক্ষ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। সব সাজা একসঙ্গে চলবে।

অভিযোগ অস্বীকার করে দম্পতির দাবি, মানবাধিকার রক্ষার কাজ ও অন্যায়ের প্রতিবাদ করায় তাঁদের নিশানা করা হচ্ছে।

 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছে, তাঁদের অবাধ ও নিরপেক্ষ বিচারের অধিকার দেওয়া হয়নি। ইমানের মা, প্রাক্তন মানবাধিকারমন্ত্রী শিরিন মাজারি সুপ্রিম কোর্টে আপিলের কথা জানিয়েছেন। এর আগে সেনাবাহিনীর সমালোচনামূলক পোস্টের মামলায় ১৭ বছরের সাজা পেলেও ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাঁদের জামিন দিয়েছিল। পরে অন্য মামলায় ফের গ্রেফতার হন তাঁরা।