পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন কলকাতা পুরভোটে রাজ্যের বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের অন্দরে এক অদ্ভুত চিত্র ধরা পড়েছে। একসময় নির্বাচনের টিকিট পেতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ভিড় জমানো প্রাক্তন কাউন্সিলরদের অনেকেই এবার ভোট থেকে দূরে থাকতে চাইছেন। কেউ কেউ আবার বর্তমান শাসকদল বিজেপির টিকিট পেতে গোপনে চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২১ সালের পুরভোটে জয়ী তৃণমূলের ১৩৭ জন প্রাক্তন কাউন্সিলরের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩৭ জনেরও কম ‘মমতা-তৃণমূল’-এর হয়ে ফের ভোটে লড়ার আগ্রহ দেখিয়েছেন।
তৃণমূলের প্রাক্তন দুই মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছেন যে তাঁরা এই পুরভোটে অংশ নেবেন না। প্রাক্তন দাপুটে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও সন্দীপরঞ্জন বক্সীও বিভিন্ন কারণ দেখিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তবে রত্না শূর ও রূপক গঙ্গোপাধ্যায়ের মতো পুরনো সৈনিকরা এখনও দলের হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস'-এর রাজ্য যুব সভাপতি সৌরভ বসু জানিয়েছেন যে, তাঁরা ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবেন। সূত্র মারফত জানা যাচ্ছে, সংখ্যালঘু এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা অনেকেই এবার মমতা-তৃণমূলের বদলে ডেমোক্রেটিক তৃণমূলের হয়ে ‘খাম’ চিহ্নে ভোটে লড়তে পারেন। সব মিলিয়ে আসন্ন কলকাতা পুরভোটে বিজেপি এবং মমতা-তৃণমূলের মধ্যে বেশ কিছু এলাকায় কড়া টক্কর হতে চলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।