পুবের কলম, নয়াদিল্লি: শুধুমাত্র পুরনো অপরাধমূলক রেকর্ড বা অতীতে একই ধরণের মামলার ইতিহাস থাকার কারণেই কোনো অভিযুক্তের জামিন খারিজ করা যায় না বলে এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে করল সুপ্রিম কোর্ট। ২৩ কেজি গোমাংস বেআইনিভাবে মজুত ও বিক্রির অভিযোগে আট মাসেরও বেশি সময় জেলবন্দি থাকা এক ব্যক্তিকে জামিন দেওয়ার সময় এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পঞ্চোলির সমন্বয়ে গঠিত বেঞ্চ অভিযুক্ত মহম্মদ আরিফ আব্দুল রজ্জাক সামোল-এর দায়ের করা জামিনের আবেদন মঞ্জুর করে। 

উল্লেখ্য, ২০২৬ সালের ৩ জানুয়ারি গ্রেফতার হওয়ার পর থেকে দীর্ঘ আট মাস ধরে বিচারবিভাগীয় হেপাজতে ছিলেন অভিযুক্ত। এদিন জামিনের বিরোধিতা করে রাজ্য সরকার আদালতে যুক্তি দেয়, মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং আগামী দুই মাসের মধ্যে তা সম্পন্ন হবে।

এছাড়াও, অভিযুক্তের বিরুদ্ধে অতীতে একই ধরণের পাঁচটি অপরাধমূলক রেকর্ড রয়েছে, ফলে জামিনে মুক্তি পেলে তিনি পুনরায় এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন। অভিযুক্তের আইনজীবী যুক্তি দেন, পুরো মামলাটি প্রত্যক্ষ প্রমাণের ওপর নয়, বরং সম্পূর্ণ পারিপার্শ্বিক তথ্য ও ধারণার ওপর দাঁড়িয়ে রয়েছে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট পেশ করা হয়েছে এবং নিম্ন আদালতে বিচার কাজও শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের অতীত রেকর্ডের যুক্তি খারিজ করে বেঞ্চ স্পষ্ট জানায়, অতীতে একই ধরনের অভিযোগ থাকার অজুহাতে একজন আবেদনকারীকে জামিনের অধিকার থেকে বঞ্চিত রাখা যায় না। শুধুমাত্র পুরনো অপরাধের রেকর্ড থাকা মানেই সে বর্তমান মামলায় দোষী প্রমাণের চূড়ান্ত ভিত্তি হতে পারে না—এই কথা উল্লেখ করেই দীর্ঘ আটকবাসের পর অভিযুক্তের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।