পুবের কলম ওয়েব ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় নতুন করে আর কোনও হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার শুনানিতে উত্তরপ্রদেশ সরকার আদালতকে জানায় যে, ইতিমধ্যেই এই ঘটনায় আটজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই মামলার উপর নজরদারি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়।
প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে রাম মন্দিরে জমা পড়া তিন হাজার কোটি টাকার বেশি নগদ অনুদান ও গয়না চুরির অভিযোগ সামনে আসে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনা করে কংগ্রেস। কেন্দ্র, রাজ্য ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নোটিসও পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা উত্তরপ্রদেশ পুলিশের সিট-এর তদন্ত রিপোর্ট পেশ করে জানান, সিসিটিভি ফুটেজে অন্তত ১০৫টি চুরির ঘটনা ধরা পড়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে প্রমাণ পেশ করা হয়েছে। অভিযোগ ছিল, প্রায় ৩,৫০০ কোটি টাকার নগদ এবং সোনা-রুপোর গয়নার একটা বড় অংশের হদিস মিলছিল না। তবে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় আপাতত এই মামলায় হস্তক্ষেপ থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট।