পুবের কলম, ওয়েবডেস্ক: উৎসব ও ছুটির মরশুমে বিমানের টিকিটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ে দায়ের হওয়া আর্জির শুনানিতে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিমানে টিকিটের দাম প্রায় ৭০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে এক আইনজীবী জরুরি শুনানির আবেদন জানালে, শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ স্পষ্ট জানিয়ে দেন, "বিমানে উঠবেন না। পরের মামলা!"

সোমবার এই আর্জিটি পেশ করার সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন যে, বিমান পরিষেবা বর্তমানে একটি অত্যন্ত প্রয়োজনীয় বা জরুরি পরিষেবার রূপ নিয়েছে। ফলে অনিয়ন্ত্রিতভাবে আকাশছোঁয়া ভাড়া বৃদ্ধি ভারতের সংবিধানের অনুচ্ছেদ ১৪ (আইনের চোখে সমতা ও সমান সুরক্ষা)-এর পরিপন্থী।

তবে সেই মুহূর্তে বিষয়টি শুনতে অস্বীকার করে সংক্ষিপ্ত মন্তব্যে তা খারিজ করেন বিচারপতি বিক্রম নাথ।

সামাজিক কর্মী এস লক্ষ্মীনারায়ণের দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিমানসংস্থাগুলির মনগড়া টিকিট বৃদ্ধি ও ডাইনামিক প্রাইসিং নিয়ে দীর্ঘদিন ধরেই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বিমানে ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং যাত্রীদের অতিরিক্ত মাশুলের হাত থেকে রক্ষা করতে একটি স্বাধীন নিয়ামক সংস্থা গঠনের দাবি জানানো হয়েছে এই আর্জিতে।

চলতি বছরের জানুয়ারিতে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ মহাকুম্ভসহ বিভিন্ন উৎসবের সময় বিমানসংস্থাগুলির ‘শোষণমূলক’ মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মে মাসেও বেঞ্চ ভাড়ার যৌক্তিকীকরণের তাগিদ দিয়ে একটি উদাহরণ তুলে ধরেছিল—একই দিনে একই রুটের ইকোনমি ক্লাসের টিকিট একটি সংস্থা যেখানে ৮,০০০ টাকায় বিক্রি করছে, অন্য একটি সংস্থা সেখানে ১৮,০০০ টাকা হাঁকাচ্ছে।