পুবের কলম, মুম্বই: বলিউড অভিনেত্রী দিয়া মির্জার পরিবেশবান্ধব দীপাবলির প্রচারের ভিডিও মুছে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। মুম্বইয়ের বিজেপি সভাপতি অমিত সাতমের আপত্তির পরেই এই পদক্ষেপ নেয় পুরসভা, যা নিয়ে বিরোধীদের পাশাপাশি বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর তরজা। মুম্বই শহরের ক্রমবর্ধমান দূষণ এড়াতে এবং নাগরিকদের আতশবাজি থেকে বিরত রেখে পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপনের আর্জি জানিয়ে বিএমসি ওই প্রচার অভিযান শুরু করেছিল। এই উদ্যোগে মাধুরী দীক্ষিত, নিশিগন্ধা ওয়াদ এবং ক্রিকেটার অজিঙ্কা রাহানের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি যুক্ত করা হয়েছিল অভিনেত্রী দিয়া মির্জাকেও।
আরও পড়ুন:
প্রচার ভিডিয়োতে দিয়া মির্জাকে শব্দ ও বায়ু দূষণ রোধে ফাটকা বা বাজি না ফেলার আবেদন করতে দেখা গিয়েছিল।
কিন্তু এই প্রচারণায় দিয়া মির্জার অংশগ্রহণ নিয়ে তীব্র আপত্তি জানান মুম্বই বিজেপি সভাপতি অমিত সাতম। এক্স-এ ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, "দিয়া মির্জার কাছ থেকে দীপাবলি কীভাবে উদযাপন করতে হবে, সেই পাঠ আমাদের নিতে হবে না। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের শিকড়ের গভীরে নিহিত রয়েছে।" বিজেপি নেতার এই আপত্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিএমসি তাদের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দিয়া মির্জার ভিডিওটি সম্পূর্ণ ডিলিট করে দেয়। যদিও অন্যান্য তারকাদের ভিডিওগুলি পুরসভার পেজে যথারীতি বহাল রাখা হয়েছে।