পুবের কলম ওয়েব ডেস্ক: ২০১৮ সালের পর সরকারিভাবে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বাড়েনি। দীর্ঘদিন ধরে ভাড়া না বাড়ায় এবং বাসের সংখ্যা কমে যাওয়ায় আর্থিক লোকসানের অভিযোগ তুলে ফের ভাড়া বৃদ্ধির দাবি তুললেন বাস ও মিনিবাস মালিকরা। রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিংকে সোমবার একটি চিঠি দিয়ে এই প্রস্তাব পাঠিয়েছে 'জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস'।
চিঠিতে মালিক সংগঠনের পক্ষ থেকে কলকাতায় সাধারণ বেসরকারি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া একলাফে ১৮ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রথম ৪ কিলোমিটারের জন্য ধার্য হবে। অর্থাৎ, এই প্রস্তাব মানা হলে বাসে উঠলেই যাত্রীদের গুনতে হবে ১৮ টাকা।

এরপর ৪ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত ২৪ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য ৩০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
শুধু সাধারণ বাস নয়, এক্সপ্রেস এবং এসি বাসের ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিলোমিটারের জন্য ২৫ টাকা এবং সাধারণ এসি বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ৪০ টাকা ভাড়া ধার্য করার কথা বলা হয়েছে। এছাড়াও ভলভো বাসের ক্ষেত্রে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়ার প্রস্তাব দিয়েছে মালিক সংগঠন।
কলকাতার পাশাপাশি জেলার সাধারণ বাসের ভাড়াও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলার ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারের জন্য ২০ টাকা এবং পরবর্তীতে প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা হারে ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছে। হাওড়া, দুর্গাপুর, আসানসোল এবং মালদহের মিনিবাসের পাশাপাশি দার্জিলিং-সহ পাহাড়ের অন্যান্য রুটে চলা বাসের ভাড়াও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই চিঠিতে।
এর আগেও পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাব রেখেছিল বাস মালিক সংগঠনগুলো। মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠকও হয়েছিল, যেখানে পুজোর পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেই প্রেক্ষাপটেই সোমবার এই নতুন খসড়া প্রস্তাবটি মন্ত্রীর কাছে জমা পড়ল।