পুবের কলম ওয়েব ডেস্ক: বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই ঘোষণার পরই পালটা আক্রমণ শানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। তাঁরা বিধায়ককে আইনভঙ্গের পরিণামের কথা মনে করিয়ে দিয়ে কড়া বার্তা দিয়েছেন।
গত রবিবার বেলডাঙা থেকে হুমায়ুন কবীর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "বাবরি মসজিদ প্রতিষ্ঠার দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেব। প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জলপাইগুড়িতে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলেন, "উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক। এ ধরনের মানুষকে ডাস্টবিনে বা আস্তাকুঁড়েতে ছুড়ে ফেলা উচিত। ওঁর সম্পর্কে কোনও মন্তব্য করতেই ইচ্ছা করে না।"
অন্যদিকে, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার হুমায়ুন কবীরকে আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, জাতীয় সড়ক অবরোধ করা জামিন-অযোগ্য অপরাধ। বিধায়কের উচিত এ ধরনের আইনভঙ্গকারী কাজ থেকে বিরত থাকা।" পাশাপাশি তিনি পরামর্শ দিয়ে বলেন, "বাবরকে বাদ দিন। অন্য যে কারও নামে মসজিদ করুন, কিন্তু বাবরের নামে নয়।"
হুমায়ুন কবীরের এই অবরোধের ডাককে কেন্দ্র করে এখন রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।