পুবের কলম, ওয়েবডেস্ক: গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মহাসমাবেশকে কেন্দ্র করে চরম ভোগান্তির মুখে পড়ার পাশাপাশি প্রায় ১১,০০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন দিল্লির ব্যবসায়ীরা। দীপাবলি ও ধনতেরাসের উৎসবমুখর কেনাকাটার মরশুমের ঠিক মাঝখাবে সমাবেশ চত্বর ও সংলগ্ন প্রধান প্রধান বাজারগুলি বন্ধ থাকায় এই বিপুল পরিমাণের লোকসান হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিআইটি)। সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল এক বিবৃতিতে জানান, ১ নভেম্বর রামলীলা ময়দানের এই সমাবেশের কারণে রাজধানী দিল্লিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১১,০০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হয়েছে। 

সিটিআই-এর প্রকাশিত পরিসংখ্যান ও মূল্যায়ন অনুযায়ী, সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে শহরের খুচরো ও পাইকারি ব্যবসা।

শুধুমাত্র এই খাতেই লোকসানের পরিমাণ প্রায় ৮,৮০০ কোটি টাকা।  সংগঠনটির দাবি, রামলীলা ময়দানের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ স্তব্ধ হয়ে গিয়েছিল। কাশ্মীরি গেট, মোরি গেট, চাঁদনি চক, চাউড়ি বাজার, খারি বাওলি, নয়া বাজার, সদর বাজার, আজমীরি গেট, দরিয়াগঞ্জ, পাহাড়গঞ্জ, কমলা মার্কেট, জামা মসজিদ, ভগীরথ প্যালেস, লাজপত রাই মার্কেট, কিনারী বাজার, দরিবা কালান, বল্লিমারান, ফতেহপুরী, তিলক বাজার, কনট প্লেস, পালিকা বাজার, গফফর মার্কেট এবং করোল বাগের মতো ব্যস্ততম বাজারের প্রায় ৩ লক্ষ দোকানের মধ্যে প্রায় ২.৫ লক্ষ দোকানই সারাদিন সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল ব্যবসায়ীরা। এলাকাগুলিতে প্রায় ৮০ শতাংশ ব্যবসায়িক লেনদেন স্থবির হয়ে পড়েছিল।

মহাসমাবেশের জেরে সমাবেশের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পণ্য পরিবহন পুরোপুরি থমকে যাওয়ায় পরিবহন এবং লজিস্টিকস খাতে প্রায় ১,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিটিআই। পাশাপাশি হসপিটালিটি, হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন খাতে প্রায় ৫০০ কোটি টাকার লোকসান হয়েছে। ব্যবসায়ীদের এই ক্ষতির দাবির মুখে পাল্টা কেন্দ্র সরকার ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, মোদী সরকার রাজনৈতিক চক্রান্ত করে দিল্লির দোকানপাট জোরপূর্বক বন্ধ করে দিয়েছে।