পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগর এলাকার আশাবাড়ী সীমান্ত চৌকি সংলগ্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের হিংসাত্মক আক্রমণের মুখে পড়ল সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। চোরাচালান সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও বিএসএফ জওয়ানদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। এই হামলায় বিএসএফের এক সহকারী কমান্ড্যান্টসহ অন্তত তিনজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল ৯টা নাগাদ আশাবাড়ী বর্ডার আউটপোস্টের অধীন ১৭১ ও ১৭৫ নম্বর গেটের মধ্যবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
বিএসএফ সূত্রে জানা গেছে, ৪৯তম ব্যাটালিয়নের জওয়ানরা ডিউটিরত অবস্থায় কিছু সন্দেহভাজন পাচারকারীকে অবৈধ পণ্য সহ ওই এলাকায় পারাপারের চেষ্টা করতে দেখেন। জওয়ানরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিএসএফ কর্মীরা ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূর থেকে এক অভিযুক্ত পাচারকারীকে ধরে ফেলেন।অভিযোগ, অভিযুক্ত হাফিজুর রহমান নামের ওই ব্যক্তিকে ধরে মারধর শুরু করে জওয়ানরা। এরপরই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে সহকারী কমান্ড্যান্ট ও তাঁর টিম ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাদের ঘিরে ধরে এবং আক্রমণ চালায়।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে দেখা গেছে, একদল উগ্র জনতা জওয়ানদের ওপর নির্মমভাবে চড়াও হয়েছে এবং তাদের মাটিতে ফেলে মারধর করছে। জওয়ানদের মাথায় গুরুতর জখম হয়েছে। শুধু তাই নয়, আক্রমণকারীরা জওয়ানদের সার্ভিস অস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা চালায় এবং তারা যে সরকারি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছেছিলেন, সেটিতে ব্যাপক ভাঙচুর চালায়।