পুবের কলম, ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশ সীমান্তে চীনা সেনার সংঘাত এবং অনুপ্রবেশ সংক্রান্ত সাম্প্রতিক জল্পনা ও বিতর্ককে সম্পূর্ণ খারিজ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। বৃহস্পতিবার তিনি স্পষ্টভাবে জানান, রাজ্যের সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের সীমান্ত রক্ষা করছে। এই মুহূর্তে সীমান্ত নিয়ে “উত্তেজনার কোনো কারণ নেই” বলেও আস্বস্ত করেন তিনি। গত সপ্তাহে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর মন্তব্য করেছিলেন যে, অরুণাচল প্রদেশ সীমান্তে বেশ কয়েকটি পয়েন্টে এখনো চীনা সৈন্যদের সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে। তাঁর ওই মন্তব্যের পরেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়।
আরও পড়ুন:
১৪তম আন্তর্জাতিক পর্যটন মার্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সীমান্ত বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে খাণ্ডু বলেন, "চীন অরুণাচল সীমান্ত ঘেঁষা ঐতিহ্যবাহী ম্যাকমোহন লাইনকে স্বীকার করে না। তিব্বত-চীনের সাথে অরুণাচলের প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যেহেতু সীমান্তে কোনো সুনির্দিষ্ট ডিমার্কেশন বা রেখা চিহ্নিত করা নেই, তাই মাঝে মাঝে এমন ঘটনা ঘটে।" তিনি আরও ব্যাখ্যা করে বলেন, চীনারা মাঝেমধ্যে টহল দিতে দিতে ভারতীয় ভূখণ্ডে চলে আসে।
এটিকে আকস্মিক ‘সীমান্ত অতিক্রম’ বলা চলে, তবে সুপরিকল্পিত ‘অনুপ্রবেশ’ বলা ঠিক নয়। এটি কোনো নতুন ঘটনা নয়, সীমান্ত চিহ্নিত না থাকায় দীর্ঘদিন ধরে এমনটা হয়ে আসছে। তবে পরিস্থিতি সম্পূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।আরও পড়ুন:
সীমান্তে এই ধরনের খবরের প্রভাব রাজ্যে আসা পর্যটকদের ওপর পড়বে কি না—এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু বলেন, "আমার মনে হয় সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। বর্তমানে সীমান্ত শান্ত রয়েছে। এই বিতর্কের ফলে অরুণাচল প্রদেশের পর্যটন খাতে বিন্দুমাত্র প্রভাব পড়বে না।"