পুবের কলম ওয়েব ডেস্ক: গুজরাতের আমরেলি জেলায় গাড়ির ভিতর ঘুমন্ত অবস্থায় দুই পরিযায়ী শ্রমিককে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল। এই ঘটনায় এক নাবালক-সহ দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি পুরনো গাড়ি কেনাবেচার বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃতদের নাম রবি বাধেল (১৬) এবং নিতিন পচায়া (২১)।
ঘটনার তদন্তে নেমে লিলিয়া থানার পুলিশ মূল অভিযুক্ত বিনোদ দোদিয়ার এবং তার আত্মীয় রাজু দোদিয়ারকে গ্রেপ্তার করেছে। পুলিশের ডেপুটি সুপার বিস্ময় মানসেটা জানান, একটি গাড়ি কেনার ৩০ হাজার টাকা বকেয়া থাকাকে কেন্দ্র করেই এই প্রাণঘাতী ঝামেলার সূত্রপাত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রীতেশ সিং নামে এক ব্যক্তির কাছ থেকে গাড়িটি কিনেছিল অভিযুক্ত বিনোদ। কিন্তু গাড়ির দাম বাবদ ৩০ হাজার টাকা সে মেটাতে পারেনি। বকেয়া টাকা না পেয়ে রীতেশ গাড়িটি ফিরিয়ে নেন এবং সেটি তাঁর বন্ধু তথা মৃত রবির বাবা কমলেশকে দিয়ে দেন। কমলেশ নিজেও ছেলের সঙ্গে ওই খামারে কাজ করতেন।
গাড়িটি হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে বিনোদ। অভিযোগ, ঘটনার দিন রাতে সে স্থানীয় একটি পাম্প থেকে নিজের বাইকে তেল ভরে। পরে সেই তেল ক্যানে করে নিয়ে এসে খামারে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। যদিও পুলিশের দাবি, গাড়ির ভিতরে যে ওই দুই শ্রমিক ঘুমোচ্ছিলেন, তা অভিযুক্ত জানত না। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।