পুবের কলম, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় এসেছিলেন এবং এখনও সেই শক্তির সাহায্যেই টিকিয়ে রয়েছেন—লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এমন বিস্ফোরক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল বিজেপি। রাহুল গান্ধীর এই দাবিকে ডাহা মিথ্যা ও ভণ্ডামি বলে অভিহিত করে বিজেপি জাতীয় মুখপাত্র সিআর কেশবন তাঁকে সরাসরি ‘লুসি কন আর্টিস্ট’ বলে কটাক্ষ করেছেন।
 
এক্স-এ দেওয়া এক প্রতিক্রিয়ায় বিজেপি নেতা বলেন, "রাহুল গান্ধী এমন এক বাজে মাপের প্রতারক যে, তাঁর এই জঘন্য ও তৃতীয় শ্রেণির মিথ্যাগুলো সবসময় উল্টো ফল দেয় এবং শেষ পর্যন্ত তাঁকে নিজেই চরম অপমানিত হতে হয়।"
 
রাহুলের এই অভিযোগের জবাবে তাঁর পুরনো ভূতুড়ে বা বিদেশ সফরে গিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্যের প্রসঙ্গ টেনে আনে গেরুয়া শিবির। ২০২৩ সালের মার্চ মাসে যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ সাংসদ ও থিঙ্ক ট্যাঙ্কের সামনে ভারতীয় গণতন্ত্র নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন সিআর কেশবন।

বিজেপি মুখপাত্র এক্স-এ লেখেন, "লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালে লন্ডনে দাঁড়িয়ে কে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের জন্য ভিক্ষা ও আবেদন করেছিলেন? তিনি আর কেউ নন, স্বয়ং রাহুল গান্ধী। সেবার তিনি বলেছিলেন—‘এটি কেবল ভারতের লড়াই নয়’।"
 
এই বক্তব্যের সমর্থনে কেশবন একটি পুরনো আর্কাইভাল ভিডিও ক্লিপও শেয়ার করেন। ওই ভিডিওতে রাহুল গান্ধীকে বলতে শোনা গিয়েছিল যে, ভারতের তথাকথিত গণতান্ত্রিক মডেল ভেঙে পড়ছে অথচ আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোর ‘ডিফেন্ডাররা’ কেন এবিষয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না? সেই সময় রাহুলের ওই বক্তব্য নিয়ে দেশজুড়ে প্রবল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।