পুবের কলম, নয়াদিল্লি: ওমানের লিমা উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমএসভি আল জুসুফি’-র ওপর আকস্মিক হামলায় এক ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক মঙ্গলবার নাবিকের মৃত্যু নিশ্চিত করেছে। জাহাজে থাকা মোট ১৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১৩ জনকে ওমানের উপকূলরক্ষী বাহিনী নিরাপদে উদ্ধার করেছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক্স বার্তায় জানান, ওমান উপকূলের কাছে চলাচল করার সময় জাহাজটি একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর আকস্মিক আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন:
সূত্রের খবর, মৃত ভারতীয় নাবিকের নাম গন্ধর নহিম আজিজ।
তিনি গুজরাটের বাসিন্দা। হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঁর মৃত্যু হয়। মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গভীর শোক প্রকাশ করে বলেন, "১৩ জন ক্রু সদস্য নিরাপদে ইভাকুয়েট হলেও আমাদের এক সোফরার গন্ধর নহিম আজিজের মর্মান্তিক প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। এই অতীব দুঃখের সময়ে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"আরও পড়ুন:
এদিকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, "অঞ্চলের আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামো লক্ষ্যবস্তু করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলে অবাধ ও বাধাহীন নৌপরিবহন এবং বাণিজ্য পুনরায় চালু করতে হবে।"