পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বিতর্কিত মন্তব্যের পাল্টা অভিনব জবাবে সরগরম জাতীয় রাজনীতি। হাতে হরমোনিয়াম তুলে নিয়ে একেবারে ভজনের আঙ্গিকে সুর বেঁধে গান গাইলেন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁর গানের মূল সুর ছিল—“কোথাও যাবেন না মোদী, কোথাও যাবেন না মোদী” (কাহিন নাহীন জায়েঙ্গে মোদী)।

সম্প্রতি একটি দলীয় কর্মসূচিতে মল্লিকার্জুন খড়গে তোপ দেগে মন্তব্য করেছিলেন, "মোদী কেন, মোদীর বাবাও যাবেন!" কংগ্রেস সভাপতির এই আক্রমণের পর থেকেই বিজেপি নেতারা একযোগে “কোথাও যাবেন না মোদী” স্লোগানটিকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন।

৭২ বছর বয়সি প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল এই গান গাওয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সাফল্য তুলে ধরা হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই ভিডিওটিতে প্রধানমন্ত্রী মোদীর নানা উন্নয়নমূলক কাজের ছবি তুলে ধরা হয়েছে। গান গাওয়ার পাশাপাশি মেঘওয়াল সুর করে বলেন, "কোথাও যাবেন না মোদী, কোথাও যাবেন না মোদী / চলে যাবেন কেবল তাঁরাই, যাঁরা হারিয়েছেন নিজেদের বিশ্বস্ততা। বিনামূল্যে চাল-গম, গ্যাস সিলিন্ডার, বিনামূল্যে মিলেছে মাথার ওপর ছাদ / রাস্তাঘাট, বিদ্যুৎ, ওষুধ, জল আর স্বচ্ছ ভারত অভিযান..." 

মন্ত্রী মেঘওয়ালের স্পষ্ট বার্তা, কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবাদে ভারতের কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে কংগ্রেসের কটূক্তি বা আক্রমণ সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী নিজের পদে বহাল থাকবেন, উল্টে জনভিত্তি হারানো বিরোধীরাই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।