পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের খোলা বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী মোদীকে নিশানা করে বলেন, বিরোধী দলগুলি ‘দেশবিরোধী’ এবং বিদেশি শক্তির সাথে যুক্ত—প্রধানমন্ত্রীর তোলা এই অভিযোগ সত্য প্রমাণ করতে মুখোমুখি ডিবেটে বসুন। প্রয়োজনে আরএসএস প্রধান মোহন ভাগবতকে বিচারক হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন কংগ্রেস নেতা।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, "মোদীজি, আপনাকে চ্যালেঞ্জ করার ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। আপনি বলেন বিরোধীরা নাকি দেশবিরোধী।

দিন, সময় ও মঞ্চ আপনি ঠিক করুন। আসুন, মুখোমুখি বসে তর্ক হোক—কে সত্যি দেশবিরোধী? কার সাথে বিদেশি শক্তির যোগসূত্র রয়েছে এবং সেই সম্পর্কের স্বরূপ কী? দেরি না করে দ্রুত এই বিতর্কের আয়োজন করুন। ডরিয়ে মৎ (ভয় পাবেন না)।
"

প্রস্তাবিত এই মহাবিতর্কের রূপরেখা তুলে ধরে বিরোধী দলনেতা বলেন, একদিকে মিডিয়া ও দেশের যুবসমাজ থাকবে এবং মাঝে থাকবে কেবল একটি টেবিল। "আপনি টেবিলের এক পাশে বসবেন, অন্য পাশে আমি বসব। বিচারক হিসেবে আপনি যাকে খুশি বেছে নিতে পারেন। চাইলে মোহন ভাগবতজিকেও বিচারক বানিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই।"

বিদেশি সংযোগ নিয়ে তাঁর তোলা বিস্ফোরক অভিযোগের পর প্রধানমন্ত্রী কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।

তিনি বলেন, "আমার বিরুদ্ধে অন্য নানা বিষয়ে আপনি প্রায় ৪৫টি মানহানির মামলা ঠুকেছেন। কিন্তু বিদেশি যোগের এই গুরুতর অভিযোগে এখনও মামলা করছেন না কেন? মামলা করুন না! আদালত বা সাধারণ মানুষের সামনে খোলাখুলি আলোচনা হবে। শুভ দীপাবলি, মোদীজি।" রাহুলের সাফ বক্তব্য, "সব বিষয়ে খোলামেলা আলোচনা হোক। সত্য দেশবাসীর সামনে আসুক। আপনি তো আমার বিরুদ্ধে বারবার নানা অভিযোগ তোলেন, তাহলে সামনে আসুন, দুধ আর জল আলাদা হয়ে যাবে।"