আমেরিকান ভোটাররা তাঁর উপর বিরক্ত হয়ে গেলে ইজরায়েলে চলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হবেন—এমনই রসিকতা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইজরায়েলে তাঁর জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ বলেও দাবি করেছেন তিনি।

কানাডার সংবাদমাধ্যম ‘ইয়াহু লাইফস্টাইল’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প। কথোপকথনের মাঝে মজার ছলে তিনি বলেন, ইজরায়েলে তিনি এতটাই জনপ্রিয় যে, আমেরিকানরা যদি তাঁর উপর বিরক্ত হয়ে যান, তাহলে সেদেশে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। ট্রাম্পের কথায়, “ইজরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার উপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইজরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব।”

একই সাক্ষাৎকারে ইজরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তাঁর দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর একটি সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইজরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের যুক্তি, ইজরায়েলের এখন আর ওই অর্থের প্রয়োজন নেই। তবে এই আর্থিক সহায়তা বন্ধের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।