আগামী শুক্রবার ধনতেরস। এই বিশেষ দিনকে সামনে রেখে কলকাতা-সহ জেলার বিভিন্ন প্রান্তে সেজে উঠেছে সোনার দোকান ও শোরুমগুলি। গত কয়েক সপ্তাহে সোনার দাম কিছুটা কমায় ক্রেতা ও বিক্রেতা- উভয়পক্ষের মধ্যেই তৈরি হয়েছে স্বস্তি। তুলনামূলক কম দামে সোনা কেনার সুযোগ কাজে লাগাতে ইতিমধ্যেই শোরুমে ভিড় বাড়তে শুরু করেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁদের আশা, এবার ধনতেরসে ভালো ব্যবসা হবে।

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দাম ছিল ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা। গত ৪ অক্টোবর এই দাম ছিল ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা।

অর্থাৎ এক মাসের ব্যবধানে ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ১০ হাজার টাকা। গত সাত দিনের মধ্যেই দাম কমেছে অন্তত ৪ হাজার টাকা। অন্যদিকে, মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ টাকা। সোনার দামে এই স্বস্তি ধনতেরসের বাজারে বিক্রি বাড়াতে সাহায্য করবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা।

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে জানান, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার অন্যতম কারণ মার্কিন ডলারের দর বৃদ্ধি। তাঁর কথায়, লগ্নিকারীরা বর্তমানে ডলারে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। পাশাপাশি আমেরিকায় সুদের হার আরও বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।

ফলে সোনায় বিনিয়োগের প্রবণতায় কিছুটা ভাটা পড়েছে। চাহিদা কমার প্রভাবও পড়েছে হলুদ ধাতুর দামে।

সমর দে-র মতে, কয়েক দিন ধরে দাম কম থাকায় নতুন গয়না কেনার আগ্রহ বাড়ছে ক্রেতাদের মধ্যে। সোনার দাম কিছুটা নাগালের মধ্যে আসায় স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারাও। অনেকেই পুরনো সোনা দিয়ে নতুন গয়না তৈরি করাচ্ছেন। ধনতেরসের বাজারে এটিও ইতিবাচক দিক বলে মনে করছেন তিনি।

অঞ্জলি জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অনর্ঘ উত্তীয় চৌধুরী জানান, তাঁদের শোরুমে ইতিমধ্যেই ধনতেরসের কেনাকাটা শুরু হয়েছে।

তাঁর কথায়, সোনা ও হীরের গয়নার পাশাপাশি রুপো এবং কস্টিউম জুয়েলারির চাহিদাও ভালো। সমাজের বিভিন্ন স্তরের ক্রেতারা কেনাকাটায় আগ্রহ দেখাচ্ছেন।

ধনতেরস উপলক্ষে প্রতি বছরই ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ ছাড় ও উপহারের ব্যবস্থা করেন স্বর্ণ ব্যবসায়ীরা। কোথাও সরাসরি নগদ ছাড়, কোথাও গয়নার মজুরিতে ছাড়, আবার কোথাও থাকছে আকর্ষণীয় উপহার। সোনা অত্যন্ত দামি ধাতু হওয়ায় দামে সামান্য সাশ্রয়ের সুযোগও কাজে লাগাতে চান ক্রেতারা। ফলে এবার সোনার তুলনামূলক কম দাম ব্যবসায়ীদের কাছে বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ধনতেরসের বাজার ঘিরে আশার আলো দেখছেন স্বর্ণ ব্যবসায়ীরা।