পুবের কলম ওয়েব ডেস্ক: ‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ার সময় প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের জন্য স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে, পূর্ববর্তী ভোটার তালিকায় নাম থাকলেও নতুন করে নাম অন্তর্ভুক্তির জন্য তাঁরা পুনরায় ‘ফর্ম ৬’ পূরণ করে আবেদন করতে পারবেন। এর ফলে তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না।
গত ৩ নভেম্বর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) কাছে পাঠানো একটি চিঠিতে কমিশন এই নির্দেশিকা জারি করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এই ক্ষেত্রে ‘ফর্ম ৬’ জমা দেওয়াকে কোনওভাবেই মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য করা হবে না।
কমিশনের এই নতুন নির্দেশিকা সেই সব ভোটারদের উদ্বেগ দূর করবে, যাঁদের নাম আগের তালিকায় থাকলেও খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল। এতদিন তাঁরা আইনি পদক্ষেপের ভয়ে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন করতে দ্বিধাবোধ করছিলেন। এখন সেই দ্বিধা কেটে গেল।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়েছিল যে, ফর্ম ৬-এর পরিবর্তনের বিষয়ে তারা কোনও অনুমোদন দেয়নি। কারা এই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা নিয়েও শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ার সমালোচনা করে বিরোধীরা সরব হয়েছে। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোটের সভা অনুষ্ঠিত হয়। এর পাল্টা হিসেবে বিজেপিও দেশের বিভিন্ন শহরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দিয়েছে, যার অঙ্গ হিসেবে কলকাতাতেও ব়্যালি হয়েছে।