পুবের কলম ওয়েব ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দু’বছরের মাথায় বড়সড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক ভরাডুবি হল তাঁর দল রিপাবলিকান পার্টির। মার্কিন কংগ্রেসের দুই কক্ষ— সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, উভয়েরই দখল নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। আগামী দু'বছর পর আমেরিকায় ফের প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে, তার ঠিক আগে এই ফলাফল রিপাবলিকানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও চিন্তার বিষয় বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত পাওয়া ভোটের হিসেবে দেখা যাচ্ছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ বা ১০০ আসন বিশিষ্ট সেনেটে ডেমোক্র্যাটরা ৫৩টি আসনে এগিয়ে রয়েছে এবং রিপাবলিকানরা এগিয়ে রয়েছে ৪২টিতে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ফলাফলের জেরে ডেমোক্র্যাটরা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের বহু নীতি ও পরিকল্পনা আইনি পথে আটকে দেওয়ার ক্ষমতা পেল। এর পাশাপাশি তদন্ত পরিচালনা, সমন জারি এবং শুনানির আয়োজন করার মতো ক্ষমতাও এখন তাদের হাতে। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ডেমোক্র্যাটদের কাজ খুব একটা সহজ হবে না। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে থাকা ‘ভেটো’ ক্ষমতা এবং সেনেটে আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিলম্ব ঘটানোর কৌশল ‘ফিলিবাস্টার’ ব্যবহার করে তিনি পাল্টা চাপ তৈরি করতে পারেন।
দলের এই বিপুল হারের পর মুখ খুলেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ডেমোক্র্যাটদের অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। তবে নিজের ভেটো ক্ষমতার কথাও সুকৌশলে মনে করিয়ে দিয়েছেন তিনি। ভোটের ফল নিয়ে ট্রাম্প জানান, ডেমোক্র্যাটরা সত্যিই ভালো কাজ করেছে। আমেরিকায় এবার ভিন্ন রাজনৈতিক হাওয়া বইছিল, তাই তাঁর নিজের অপরাধবোধে ভোগার কোনও কারণ নেই। সবশেষে আত্মবিশ্বাসের সুরে তিনি দাবি করেন, এই নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ব্যবধানে জয়লাভ করতেন।