পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্বতন সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ রেখেছে বর্তমান সরকার। বৃহস্পতিবার হুগলির পরশুড়ায় আয়োজিত এক বিশেষ সভা থেকে এই প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। প্রশাসন সূত্রে খবর, এই দিন রাজ্যের প্রায় ৫০ লক্ষেরও বেশি নথিভুক্ত কৃষক এই আর্থিক সুবিধা পাবেন।
এই প্রকল্পে কৃষকরা ইতিমধ্যেই দু'টি কিস্তিতে মোট চার হাজার টাকা পেয়ে গিয়েছেন।
এদিকে পরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে প্রস্তুতি এখন তুঙ্গে। মূল মঞ্চের সামনে তিনটি বড় শেড তৈরি করা হয়েছে এবং সেখানে প্রায় ৪০ হাজার মানুষের বসার ব্যবস্থা থাকছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ কৃষকদের সভাস্থলে আনার জন্য প্রশাসনের তরফে কয়েকশো বাসের বন্দোবস্ত করা হয়েছে। গোটা সভাস্থল ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পরশুড়ার স্থানীয় বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, হুগলি মূলত কৃষিপ্রধান জেলা হওয়ায় আলু চাষিদের সমস্যার কথা তিনি আগেই বিস্তারিতভাবে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন। তাঁর ইঙ্গিত, এই সভায় শুধুমাত্র আলু চাষি নয়, সার্বিকভাবে সমস্ত কৃষকের জন্যই বড় কোনও সুখবর অপেক্ষা করে রয়েছে।