পুবের কলম ওয়েব ডেস্ক: লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চিনের আগ্রাসন এবং সীমান্তে পাকিস্তানের সঙ্গে লাগাতার উত্তেজনার আবহে সেনার শক্তিবৃদ্ধিতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। বুধবার চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) এনএস রাজা সুব্রমণি সাংবাদিক বৈঠকে জানান, অগ্নিবীরদের কাজের মেয়াদ আরও দু’বছর বাড়ানো হচ্ছে। অর্থাৎ, চার বছরের বদলে এখন থেকে মোট ছ’বছর কাজ করার সুযোগ পাবেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে।
সাংবাদিক বৈঠকে সিডিএস জানান, বর্তমানে চার বছর পর ২৫ শতাংশ অগ্নিবীরকে সরাসরি সেনাবাহিনীতে নেওয়া হয়।
কেন হঠাৎ এই মেয়াদ বৃদ্ধি? এর উত্তরে সিডিএস রাজা সুব্রমণি জানান, ভারতীয় সেনার তিন বাহিনীর দাবির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক যুদ্ধের ধরনের সঙ্গে তাল মিলিয়ে সেনায় যুবশক্তির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অস্ত্র পরিচালনার পাশাপাশি জওয়ানদের প্রযুক্তিগত দক্ষতাও বর্তমানে অত্যন্ত জরুরি। সেই দিকটি বিবেচনা করেই মেয়াদ বৃদ্ধি এবং ভবিষ্যতে সেনাবাহিনীতে সম্পূর্ণ যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই নয়া ঘোষণার পর ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বেতন বৃদ্ধি এবং সেনায় প্রবেশের এই বিপুল সুযোগ আদতে 'অগ্নিবীর' প্রকল্প মুছে ফেলে পুরনো পদ্ধতির দিকেই ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।