পুবের কলম ওয়েব ডেস্ক: কোনও ব্যক্তিকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতে বা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে। আর এই ২৪ ঘণ্টার হিসেব শুরু হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করার ঠিক সেই মুহূর্ত থেকেই, খাতায়-কলমে পুলিশ যখন তাঁকে গ্রেপ্তার দেখাচ্ছে তখন থেকে নয়। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে ধৃতকে আদালতে পেশ না করা হলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ জানায়, সংবিধানের ২২(২) অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে, আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করাতে হবে।
ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব প্রসঙ্গেও কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করার পর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হবে তাঁর আটক হওয়ার প্রকৃত সময় ও তারিখ খতিয়ে দেখে ২৪ ঘণ্টার নিয়ম মানা হয়েছে কি না, তা সঠিকভাবে যাচাই করা। যদি দেখা যায় এই নিয়ম ভাঙা হয়েছে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে তৎক্ষণাৎ মুক্তির নির্দেশ দিতে হবে। এমনকি, ২৪ ঘণ্টার মধ্যে হাজির করানো হলেও যদি দেখা যায় পরিস্থিতি অনুযায়ী আটক রাখার সময়টি অযৌক্তিকভাবে দীর্ঘ, তবে ম্যাজিস্ট্রেট চাইলে পুলিশের রিমান্ডের আবেদন খারিজ করতে পারেন।
মূলত 'সুজিত দাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া' নামের একটি মাদক মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় চার অভিযুক্তকে গত ২৯ সেপ্টেম্বর (২০২৫) দুপুর দুটো নাগাদ আটক করে পুলিশ। কিন্তু তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় ঠিক পরদিন সকাল ১১টায়। এরপর ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টে ৪৫ মিনিটে তাঁদের প্রথমবার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। পুলিশের এই পুরো পদক্ষেপকেই সম্পূর্ণ অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট এবং অবিলম্বে ওই চারজনকে মুক্তির নির্দেশ দিয়েছে।