যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রচারে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কিন্তু নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর এবার তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কংগ্রেসের তদন্তের মুখে পড়তে পারে। কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়া ডেমোক্র্যাট আইনপ্রণেতারা মাস্কের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক।

মাস্কের মালিকানাধীন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স। এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রচারে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন তিনি। এর আগে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতেও ২৫ কোটি ডলারের বেশি অর্থ খরচ করেছিলেন মাস্ক।

টেক্সাসে রিপাবলিকানদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতেও বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন তিনি। উল্লেখ্য, টেক্সাসেই মাস্কের ব্যক্তিগত বাসস্থান এবং তাঁর একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে।

গত মঙ্গলবার, ৩ নভেম্বর ভোটগ্রহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুসারীদের রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মাস্ক। কিন্তু নির্বাচনের ফলাফল তাঁর প্রত্যাশা অনুযায়ী হয়নি। প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি টেক্সাসের গভর্নর নির্বাচনে তিন দশকেরও বেশি সময় পর ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে পরাজিত হয়েছেন রিপাবলিকান গ্রেগ অ্যাবট।

নির্বাচনের ফল প্রকাশের পরই মাস্কের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য তদন্ত নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে এক্সে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মাস্ক লেখেন, ‘তলোয়ার দিয়ে যে বাঁচে, তলোয়ারেই তার মৃত্যু হয়।’ তাঁর বিরুদ্ধে যারা পদক্ষেপ নিতে চাইছেন, তাঁদের উদ্দেশে তিনি আরও বলেন, নেপথ্যে থেকে কারা কলকাঠি নাড়ছেন, তা তিনি খুঁজে বের করবেন। শুধু সামনে থাকা ব্যক্তিদের নয়, বরং তাঁদের পেছনে থাকা মূল ব্যক্তিদেরও মোকাবিলা করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে নির্বাচনের পর প্রাক্‌-বাজার লেনদেনে মাস্কের দুই প্রতিষ্ঠানের শেয়ারের দামেও পতন দেখা গেছে। স্পেসএক্সের শেয়ারের দাম কমেছে ৩.৮ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম কমেছে ৩.৬ শতাংশ।

বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে মাস্কের ব্যবসায়িক পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে স্পেসএক্সের পরিকল্পিত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আগে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা সম্ভাব্য বাজারের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।

এর আগেও বিভিন্ন ইস্যুতে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছেন মাস্ক। ইউক্রেনের সামরিক স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ, সরকারি দক্ষতা বিভাগে দায়িত্ব পালনকালে ব্যাপক কর্মী ছাঁটাই এবং তাঁর প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি পাওয়ার বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

অন্যদিকে, নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ট্রাম্প, তাঁর পরিবার এবং প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। তাঁদের আইনজীবী নিয়োগের পরামর্শও দিয়েছেন তিনি।

সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বে থাকা এই কমিটির সাক্ষীদের তলব, সরকারি নথি চাওয়া এবং সমন জারির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা আদায়ের ক্ষমতা রয়েছে। ফলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর মাস্কের ব্যবসায়িক কার্যক্রম, সরকারি চুক্তি এবং প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন করে তদন্তের আওতায় আসতে পারে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের সম্ভাব্য তদন্তের বিরুদ্ধে মাস্কের এই পাল্টা হুঁশিয়ারি মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।