পুবের কলম, নয়াদিল্লি: সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের প্রাণঘাতী হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস এই খবর নিশ্চিত করেছে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এর ফলে ওই হামলায় নিহত ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইয়ে।
 
এক্স-এ ভারতীয় দূতাবাস জানায়, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, ১০ অক্টোবরের রিয়াদ বিমানবন্দর হামলায় গুরুতর আহত হয়ে আইসিইউ-তে চিকিৎসাধীন আরও এক ভারতীয় নাগরিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এই কঠিন সময়ে আমরা শুরু থেকেই তাঁর পরিবারের পাশে ছিলাম এবং এখনও আছি। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।"
 
ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, পরিবারের ইচ্ছা অনুযায়ী নিহতের প্রার্থিত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেহ ভারতে ফিরিয়ে আনা অথবা রিয়াদেই সসম্মানে শেষকৃত্য সম্পন্ন করার জন্য দূতাবাস থেকে সব রকম প্রশাসনিক ও আইনি সাহায্য প্রদান করা হবে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বেশ কয়েকজন হতাহত হন, যার মধ্যে এক ভারতীয় নাগরিক ছিলেন।