পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন বিপর্যয় এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক পর্যালোচনা। কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতির আবহে ভারতে ট্রাম্পকে নিয়ে শুরু হয়েছে এক অন্য রসিকতা। সোশ্যাল মিডিয়া খুললেই ট্রাম্পের নামের সঙ্গে এখন জুড়ে দেওয়া হচ্ছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম! ভারতীয় নেটিজেনদের একাংশের রসিকতা—আমেরিকায় ডেমোক্র্যাটদের ধাক্কা সামলাতে ট্রাম্পের নাকি এবার ‘জ্ঞানেশ দা’-কে ভীষণ প্রয়োজন!


 
তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের একটি মিম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই মিমে মোদীকে ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে দেখা যাচ্ছে এবং ছবির ওপরে লেখা— "জ্ঞানেশের নম্বর পাঠাব কি?" মহুয়া ওই পোস্টের ক্যাপশনে লেখেন— “বন্ধুরা, ডোনাল্ডের জ্ঞানুকে চাই।"
 
আইনজীবী প্রশান্ত ভূষণ আবার ট্রাম্পকে উদ্দেশ্য করে মোদী সাহেবের বয়ানে একটি কাল্পনিক খোঁচা দিয়ে লিখেছেন, "দুঃখিত আমি জ্ঞানেশকে তোমার কাছে পাঠাতে পারিনি বন্ধু!
আমি আসলে নিজের দিকটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এখন তো এখানকার লোকজন ওকেই ওর বাড়ির ভিতরে আটকে রেখেছে। ফলে ও এখন আমাকেও কোনো সাহায্য করতে পারছে না।" 
 
ট্রাম্প ও জ্ঞানেশ কুমারের এই যোগসূত্র অবশ্য একেবারেই নতুন নয়। গত অগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। ভারতের নির্বাচনে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটদান পদ্ধতির ভূয়সী প্রশংসা করে ট্রাম্প আমেরিকাতেও অনুরূপ কঠোর আইন চালু করার দাবি তুলেছিলেন।