পুবের কলম, নয়াদিল্লি: রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের একটি বিকৃত এবং ভুয়ো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। সাইবার নজরদারির সময় বিষয়টি নজরে আসার পর দিল্লির স্পেশাল সেল পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।
দিল্লি পুলিশের এক্স হ্যান্ডেলের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সাইবার টহলদারির সময় একটি অ্যাকাউন্ট থেকে অভিযোগ করা হয় যে, প্রশান্ত ভূষণের এক্স হ্যান্ডেল থেকে রুশ বিদেশমন্ত্রীর একটি বিকৃত ভিডিও শেয়ার করা হয়েছে।
দিল্লি পুলিশের এই কঠোর পদক্ষেপের ঠিক আগেই ভারতের বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট-চেক ইউনিট ওই ভিডিওটিকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত করে। ভিডিওটিতে দাবি করা হয়েছিল, রুশ বিদেশমন্ত্রী লাভরভ ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের খনিজ তেল কেনা নিয়ে কড়া সমালোচনা করছেন। তবে বিদেশ মন্ত্রকের অফিসিয়াল ফ্যাক্ট-চেক হ্যান্ডেল এবং ভারতে অবস্থিত রুশ দূতাবাস স্পষ্ট জানিয়ে দেয়, ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে বানানো হয়েছে।