পুবের কলম, ওয়েবডেস্ক: জুনিয়র শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক হেনস্থা এবং র‍্যাগিংয়ের মতো গুরুতর অভিযোগে তেলেঙ্গানার একটি সরকারি মেডিকেল কলেজ-এর ১৪ জন প্রবীণ এমবিবিএস ছাত্রকে সাময়িকভাবে সাসপেন্ড করল কলেজ প্রশাসন। জাতীয় স্তরের অ্যান্টি-র্যাগিং সেলের হস্তক্ষেপে এই কড়া পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে জুনিয়র পড়ুয়ারা ক্যাম্পাসের মধ্যে সিনিয়রদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে সরাসরি দিল্লির ‘ন্যাশনাল মেডিকেল কমিশন’-এর অ্যান্টি-র‍্যাগিং সেলে একটি অনলাইন অভিযোগ দায়ের করেন। বিষয়টি এনএমসি-র নজরে আসতেই তারা স্থানীয় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেয়।

এর পরেই কলেজ প্রশাসনের অভ্যন্তরীণ অ্যান্টি-র‍্যাগিং কমিটি ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে। তদন্তে ১৪ জন সিনিয়র ছাত্রের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ মেলে।

এর পর মঙ্গলবার কলেজ অধ্যক্ষ, পদস্থ আধিকারিক এবং বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে এক বিশেষ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সেই বৈঠকেই অভিযুক্তদের শাস্তির মেয়াদ চূড়ান্ত করা হয়। কলেজ অধ্যক্ষ ড. বি বাল্যা জানান, অ্যান্টি-র‍্যাগিং কঠোর নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে এবং ঘটনাটির আরও তদন্ত চলছে।

তদন্তের ফল ও গুরুত্ব বিচার করে কলেজ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করেছে। গুরুতর অভিযোগে অভিযুক্ত ৪ জন ছাত্রকে আগামী ৬ মাসের জন্য এবং বাকি ১০ জন ছাত্রকে ৪ মাসের জন্য কলেজ ও পঠনপাঠন থেকে সাসপেন্ড করা হয়েছে।