পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সকালে দিল্লিতে ফের বহুতল ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের নাম চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩)।
ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মাণকাজ চলাকালীন পুরনো ছাদের একটি অংশ আচমকা ভেঙে পড়ে এবং তার জেরেই গোটা বাড়িটি ধসে যায়। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে দিল্লিতে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই বিপর্যয়ের জেরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে কড়া সমালোচনা শুরু করেছে আম আদমি পার্টি (আপ)।