পুবের কলম ওয়েবডেস্ক, বলিউড অভিনেতাদের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা! কখনও নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য, কখনও আবার গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী পরিচয় দিয়ে একাধিক অভিনেতার কাছে হুমকি বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার জালে ধরা পড়লেন বেঙ্গালুরুর এক আইটি ইঞ্জিনিয়ার। ধৃতের নাম বৈভব মিশ্র। তাঁর বিরুদ্ধে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুর-সহ একাধিক বলিউড তারকাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
হিন্দুস্তান টাইমসের ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সি বৈভবকে বুধবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগসূত্র এখনও পাওয়া যায়নি। বরং সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের লক্ষ্য করে একের পর এক হুমকি ও গুলিচালনার ঘটনায় যে আতঙ্ক তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে দ্রুত টাকা রোজগারের চেষ্টা করছিলেন তিনি বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, আয়ুষ্মান খুরানা ইনস্টাগ্রামে একটি হুমকি বার্তা পাওয়ার পর বিষয়টি পুলিশকে জানান। বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিল এবং অভিনেতার কাছে টাকা দাবি করেছিল। অভিযোগ পাওয়ার পর প্রযুক্তিগত সূত্র ধরে বার্তা পাঠানো ব্যক্তির পরিচয় খুঁজতে শুরু করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সেই তদন্তেই বেঙ্গালুরুতে বৈভবের সন্ধান মেলে।
আরও পড়ুন:
অন্যদিকে, তুষার কাপুরের কাছেও একটি ভয়েস মেসেজ পাঠানো হয়েছিল। সেখানে প্রেরক নিজেকে হ্যারি বক্সার বলে পরিচয় দিয়ে অভিনেতার কাছে ৫ কোটি টাকা দাবি করে বলে অভিযোগ। হ্যারি বক্সারকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। তবে ফরেনসিক পরীক্ষায় ওই ভয়েস মেসেজের কণ্ঠস্বরের সঙ্গে পুলিশের কাছে থাকা হ্যারি বক্সারের নমুনা কণ্ঠের মিল পাওয়া যায়নি। ফলে শুরু থেকেই ওই হুমকির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
আরও পড়ুন:
মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৈভব বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত নন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি আরও নিশ্চিত করা হবে। পুলিশের অনুমান, সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিচালনার ঘটনার পর বলিউডে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটিকেই কাজে লাগাতে চেয়েছিলেন অভিযুক্ত।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা নিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই ঘটনার পর থেকেই বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে গ্যাংয়ের নাম ব্যবহার করে নতুন করে তোলাবাজির চেষ্টা সামনে আসায় তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।