পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে শিল্পে জোয়ার আনতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। কাজ বন্ধ করে কারখানার গেটে কোনওরকম গোলমাল বা ধর্মঘট বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ইকো পার্কে রাজ্যের নয়া শিল্পনীতি ঘোষণা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কড়া ভাষায় জানান, যাঁরা কারখানায় কাজ বন্ধ করবেন, তাঁদের গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে রাখা হবে। শ্রমিকদের কোনও সমস্যা বা অভিযোগ থাকলে কাজ বন্ধ না করে সরাসরি লেবার কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মূলত ‘কমিউনিস্ট’দের উদ্দেশ্যেই এই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন ইকো পার্কে ‘পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬’ শীর্ষক একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্বতন বাম ও তৃণমূল সরকারের ভুল নীতির কারণেই রাজ্যে বিনিয়োগ আসেনি।
বিশেষ করে তৃণমূল আমলে জমিজটেই একাধিক শিল্প থমকে গিয়েছিল। সেই পরিস্থিতি কাটাতে লগ্নি ও ইনসেনটিভ নির্ভর নতুন জমি নীতি এনেছে বর্তমান সরকার।
নতুন এই শিল্পনীতিতে দক্ষ শ্রমিকদের কাজে লাগানো এবং বিনিয়োগে বাড়তি উৎসাহ দিতে একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। প্রায় পাঁচ দশক পর কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে শিল্পক্ষেত্রে এই নতুন পদক্ষেপে রাজ্যের শিল্পপতিরাও খুশি বলে জানা গিয়েছে। আর এই উন্নয়নের পথে ধর্মঘট বা অশান্তি যাতে কোনওভাবেই বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।