পুবের কলম ওয়েব ডেস্ক: অমৃতসর থেকে জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শুক্রবার দুপুর ১২টা ৫৮ মিনিট নাগাদ ট্রেনটি ফতেহপুর সাহিবের সাধুগড় স্টেশন ছাড়ার ঠিক পরেই এই বিপত্তি ঘটে। চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরায় আগুন লেগে যায়। যদিও এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।


রেল সূত্রে খবর, ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস নির্দিষ্ট সময়েই অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু সাধুগড় স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিনে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের চারটি জেনারেল বগিতে। দাউদাউ করে জ্বলতে শুরু করে ট্রেনটি, চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়।
প্রাণভয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেলে তড়িঘড়ি ট্রেনটিকে মাঝরাস্তায় থামিয়ে দেওয়া হয়। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। রেলের পিআরও নীরজ জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই রেলের মেডিক্যাল টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এবং ডিআরএম বিনোদ কুমার ভাটিয়া নিজেও ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে, তবে প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।