পুবের কলম, ওয়েবডেস্ক: অনুমোদনহীন ও ভণ্ড চিকিৎসকদের বিরুদ্ধে ১৫ দিনব্যাপী রাজ্যজোড়া সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮ জন ভুয়ো চিকিৎসককে চিহ্নিত করল গুজরাট সরকার। এদের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশি এফআইআর রুজু করে ফৌজদারি মামলা শুরু করা হয়েছে। স্বাস্থ্য দফতর এবং রাজ্য পুলিশের সমন্বয়ে গঠিত ২৯৮টি বিশেষ টিম রাজ্যজুড়ে এই ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। আমেদাবাদ, সুরাট ও রাজকোটের মতো প্রধান প্রধান শহরসহ বিভিন্ন জেলায় স্থানীয় পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং স্বাস্থ্য বিভাগের যৌথ প্রতিনিধি দল ক্লিনিক ও চেম্বারগুলিতে সারপ্রাইজ তল্লাশি চালায়।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানসেরিয়া এই মেগা অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, "আমাদের স্বাস্থ্য বিভাগ ২৯৮টি বিশেষ দল গঠন করে টানা ১৫ দিন ধরে বিভিন্ন এলাকায় নিবিড় পরিদর্শন চালিয়েছে। যৌথ অভিযানে ৩৮ জন ভুয়ো ডাক্তারকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং ৩৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।" প্রকাশিত তথ্য অনুযায়ী, চিহ্নিত ভুয়ো চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি রাজকোট জেলায়—১৭ জন। এরপরেই সুরাটে ৯ জন, গির সোমনাথে ৩ জন এবং সুরেন্দ্রনগরে ২ জন ভুয়ো ডাক্তারের হদিস মিলেছে।

বাকি জেলাগুলি থেকে ১ জন করে ভণ্ড চিকিৎসকের খোঁজ পেয়েছে যৌথ টিম।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যৌথ তল্লাশি দলের আগমনের টের পেয়ে বহু ভণ্ড চিকিৎসক ক্লিনিক ও চেম্বারে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের নজরদারি জারি রয়েছে। ভুয়ো ডাক্তারদের এই বেআইনি কারবার চিরতরে বন্ধ করতে গুজরাট সরকার জেলা স্তরে একটি বহুমুখী বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটিতে যুক্ত থাকবেন তালুকা স্বাস্থ্য আধিকারিক, স্থানীয় পুলিশ অফিসার, হেলথ সুপারভাইজার এবং গ্রাম স্তরের 'তালাটি-কম-মন্ত্রী'। এই কমিটি তৃণমূল স্তরে তথ্য সংগ্রহ করে শংসাপত্রহীন চিকিৎসকদের ওপর নজর রাখবে।