পুবের কলম, নয়াদিল্লি: চার রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা যাচাই করার জন্য 'বিশেষ সংক্ষিপ্ত সংশোধন' শুরু করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। চলতি মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। জানা গিয়েছে, যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ইতিমধ্যেই ভোটার তালিকার 'বিশেষ নিবিড় সংশোধন' (এসআইআর) সম্পূর্ণ হয়েছে, একমাত্র সেখানেই এই বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী (এসএসআর) চালানো হবে।

এই অঞ্চলগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, ওড়িশা, সিকিম, চণ্ডীগড় এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১ নম্বর ধারা মেনে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশন স্পষ্ট করেছে, 'বিশেষ নিবিড় সংশোধন'-এর মাধ্যমে নতুন করে পুরো ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, যার কাজ ২০২৫ সাল থেকে পর্যায়ক্রমে চলছে। অন্যদিকে, 'বিশেষ সংক্ষিপ্ত সংশোধন'-এর মূল উদ্দেশ্য হলো বিদ্যমান ভোটার তালিকায় নতুন নাম সংযোজন, বাদ পড়া নাম যুক্ত এবং তথ্যের ভুলত্রুটি সংশোধন করা।

ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখকে ভিত্তি হিসেবে ধরে নতুন ও তরুণ ভোটারদের নাম নথিভুক্ত করা হবে। পাশাপাশি ২০২৭ সালের পরবর্তী তিনটি ভিত্তি তারিখের (১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর) জন্য অগ্রিম আবেদন জমা নেওয়ার সুযোগও রাখা হচ্ছে।

উল্লেখ্য, ইতিপূর্বে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, তামিলনাড়ু সহ যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পর্ব শেষ হয়েছিল, সেখানে গত মাসেই এসএসআর চালুর ঘোষণা করা হয়েছিল। আসামে এসআইআর না করানোর সিদ্ধান্ত নেওয়ায় সেখানেও সরাসরি সংক্ষিপ্ত সংশোধন চালু হয়।