পুবের কলম, ওয়েবডেস্ক: পুরভোটে হেরে গিয়ে ভোটারদের বিলানো টাকা ফেরত চেয়ে এক অদ্ভুত বিতর্ক তৈরি করলেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টির এক পরাজিত প্রার্থী। ভোটের সময় বুথভিত্তিক প্রচার চালাতে গিয়ে তিনি ভোটারদের মধ্যে যে অর্থ বিলি করেছিলেন, নির্বাচনে হেরে যাওয়ার পর সেই টাকা ফেরত দাবি করেছেন ওই নেতা। টাকা না দিলে ভোটারদের বাড়ির সামনে ধর্নায় বসার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার পালামানেড়ু পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে।

সেখানকার ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী কে রেড্ডি প্রসাদ প্রতিপক্ষ জনসেনা পার্টির প্রার্থী পুলা চৈতন্য মোহানের কাছে পরাজিত হন। পরাজয়ের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় চরম ক্ষোভ উগড়ে দেন রেড্ডি প্রসাদ।

ভাইরাল ভিডিওতে ওয়াইএসআরসিপি নেতা রেড্ডি প্রসাদ অকপটে স্বীকার করেন যে, নির্বাচনে জেতার আশায় তিনি উচ্চ সুদে ১০ লাখ টাকা ধার নিয়েছিলেন এবং ভোটার প্রতি ১,০০০ টাকা করে বিলি করেছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার কাছ থেকে টাকা নেওয়ার পরেও প্রায় ৪০০ জন ভোটার আমাকে ভোট দেননি।

যারা আমার টাকা নিয়ে অন্য দলকে ভোট দিয়েছেন, তাঁরা অবিলম্বে সেই টাকা ফেরত দিন। তা না হলে আমি আপনাদের বাড়ির সামনে ধর্নায় বসব।" তিনি আরও দাবি করেন, কিছু ভোটার স্থানীয় দেবীর নামে কসম খেয়ে টাকা নেওয়ার পরও প্রার্থীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তিনি ওই ভোটারদের স্থানীয় মারেম্মাতল্লি মন্দিরে এসে টাকা ফেরত দেওয়ার আহ্বান জানান।

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়ে রাজশেখর রেড্ডির দল। ওয়াইএসআরসিপি-র চিত্তুর জেলা সভাপতি এন ভেঙ্কটা গৌড়া এই কাণ্ডকে দলবিরোধী কাজ আখ্যা দিয়ে অবিলম্বে কে রেড্ডি প্রসাদকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করেন।