পুবের কলম ওয়েব ডেস্ক: কালীপুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। বৃহস্পতিবার কমিশনের নিজস্ব ওয়েবসাইটে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা আপলোড করা হয়েছে। কমিশনের মূল্যায়ন অনুযায়ী, মোট ১১ হাজার প্রার্থী ইন্টারভিউয়ের জন্য উত্তীর্ণ হয়েছেন।


কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গ্রুপ সি বিভাগে মোট শূন্যপদের সংখ্যা ২ হাজার ৯৮৯টি এবং গ্রুপ ডি বিভাগে ৫ হাজার ৪৮৮টি। প্রাথমিক তালিকায় থাকা এই উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পর্যায়ে মূল শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। এরপর হবে ইন্টারভিউ। তবে নথি যাচাই ও ইন্টারভিউয়ের দিনক্ষণ বা বিস্তারিত সূচি এখনও ঘোষণা করা হয়নি।
কমিশনের তরফে জানানো হয়েছে, খুব শ্রীঘ্রই ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত নিয়োগ বাতিল হয়ে যায়। এর ফলে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। এরপরই স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের শূন্যস্থান পূরণের জন্য নতুন করে উদ্যোগ নেয় কমিশন। চলতি বছরের মার্চ মাসে প্রথম দফায় এবং বিধানসভা নির্বাচনের কারণে পিছিয়ে গিয়ে অক্টোবরে দ্বিতীয় দফায় লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই জোড়া পরীক্ষারই ফলাফল এবার প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।