পুবের কলম, বেঙ্গালুরু: ২০২২ সালে বিজেপির একটি মিছিল থেকে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত ফৌজদারি মামলা ও আইনি পদক্ষেপ খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট। স্লোগানটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নয়, বরং অনিচ্ছাকৃতভাবে "মুখ ফস্কে" উচ্চারিত হয়েছিল—অভিযুক্ত ব্যক্তির এই ব্যাখ্যা গ্রহণ করেই মামলা খারিজের নির্দেশ দেন বিচারপতি। গত ২৮ অক্টোবরের আদেশে বিচারপতি ভি শ্রীশানন্দ মন্তব্য করেন, বিজেপির মতো একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে কোনো অনুগামী জেনেশুনে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তুলবেন, তা একেবারেই অকল্পনীয় ও অবিশ্বাস্য।
 
আদালতে শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, ২০২২ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিজেপির ওই বিক্ষোভে তাঁর মক্কেল প্রকৃতপক্ষে 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান দিতে চেয়েছিলেন।

কিন্তু উত্তেজনার বশে এবং জনসমক্ষে ভুলবশত তাঁর মুখ ফস্কে 'পাকিস্তান জিন্দাবাদ' বেরিয়ে যায়। এর পেছনে কোনো রাষ্ট্রবিরোধী বা সমাজে অশান্তি ছড়ানোর মানসিকতা ছিল না। প্রসঙ্গত, ঘটনাটি ২০২২ সালের হলেও, ২০২৪ সালে এক ব্যক্তি কর্নাটকের মান্ডিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী জানান, ঘটনার ভিডিও ক্লিপটি দেখার পর তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন।
অভিযোগের ভিত্তিতে মান্ডিয়া পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করেছিল।
 
পাবলিক প্রসিকিউশনের তরফে দাবি করা হয়েছিল, সমাজব্যবস্থায় অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করতেই আবেদনকারী ইচ্ছা করে এই জাতীয় দেশবিরোধী স্লোগান দিয়েছেন। কিন্তু আদালত তদন্তকারী সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে উল্লেখ করে, তদন্তকারীরা এমন কোনো তথ্যপ্রমাণ আদালতে দাখিল করতে পারেননি যা প্রমাণ করে এই ঘটনার ফলে তৎকালীন সমাজে কোনো গোলমাল বা সামাজিক অশান্তি তৈরি হয়েছিল। বিচারপতি ভি শ্রীশানন্দ স্পষ্ট জানান, এই ধরনের মামলায় আইনি লড়াই টেনে নিয়ে যাওয়া অর্থহীন এবং তা আইন ব্যবস্থার অহেতুক অপব্যবহারের শামিল।