ব্যাপক আর্থিক সংকট, ডিজিটাল ব্যাংকের পতন এবং রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বৃহস্পতিবার এক রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি জানান, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

দেশটির জনপ্রিয় ডিজিটাল ব্যাংক ‘উয়েনো’ ধসে পড়ার পর পেনার বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির পতনের ফলে প্রায় ৩০ লাখ গ্রাহক নিজেদের ব্যাংক হিসাবের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। ব্যাংকটি সরকারের প্রায় ৮৫ কোটি ডলারের তহবিল ব্যবস্থাপনার দায়িত্বেও ছিল।

এই আর্থিক বিপর্যয়ের জেরে মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদত্যাগ করেন। পাশাপাশি ব্যাংকটির আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে, বিরোধী দলগুলো কংগ্রেসে পেনার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়। রাজপথে বিক্ষোভের পাশাপাশি নিজের দলের রক্ষণশীল নেতাদের একাংশের সমর্থনও হারান প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০২৩ সালে নির্বাচিত অর্থনীতিবিদ সান্তিয়াগো পেনা অতীতে ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রুপো ভাসকেজ’-এর শেয়ারহোল্ডার ছিলেন।

২০২৫ সালের মার্চ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। আইনপ্রণেতারা ব্যাংকের পতনের পেছনে পেনার স্বার্থের সংঘাত এবং পেনশন তহবিলের অপব্যবহারের অভিযোগ তুলেছেন। তবে পেনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক বিতর্ক বলে দাবি করেছেন।

পেনার পদত্যাগ কার্যকর করতে সিনেটের অনুমোদন প্রয়োজন। বৃহস্পতিবার এ বিষয়ে কংগ্রেসের অধিবেশন বসার কথা ছিল। পরবর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন।