দিল্লির করোলবাগের গফ্‌ফর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগার পর শুক্রবার সকালেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে দমকলের অন্তত ২২টি ইঞ্জিন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ করোলবাগের গফ্‌ফর মার্কেটের পুরী প্লাজা নামে চারতলা একটি বহুতলের দোকানে প্রথম আগুন লাগে। রাত ১টা ২৮ মিনিটে দমকলের কাছে খবর পৌঁছয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২০টিরও বেশি ইঞ্জিন। পরিস্থিতি মোকাবিলায় পাঠানো হয় দু’টি অ্যাম্বুল্যান্সও।

প্রাথমিকভাবে একটি দোকানে আগুন লাগলেও দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে।

চারতলা ওই বহুতলে মূলত মোবাইল ফোন এবং মোবাইলের বিভিন্ন সামগ্রী বিক্রির একাধিক দোকান রয়েছে। আগুনের তীব্রতায় ভবনটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দোকানগুলির ভিতরে কেউ ছিলেন না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ফলে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, বহুতলের একতলার একটি দোকানে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ফেটে যাওয়ার ফলে আগুনের সূত্রপাত হতে পারে। সেখান থেকেই আগুন ভবনের অন্য তলাগুলিতে ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করবে দমকল বিভাগ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক দলের সদস্যরাও। তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।