পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে ‘ইন্ডিয়া’ জোটের আন্দোলনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে পাশে পাওয়ার বিষয়ে সিপিআইএমএল-এর প্রস্তাবে স্পষ্ট দ্বিমত পোষণ করল সিপিএম। লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য রাজ্যে তৃণমূলকে সঙ্গে নিয়ে আন্দোলনের পক্ষে সওয়াল করলেও, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দিয়েছেন যে, তৃণমূলের কোনও অংশকেই তারা আন্দোলনে যুক্ত করতে রাজি নয়। এই ইস্যুতে সিপিআইএমএল-কে সতর্কবার্তাও দিয়েছে আলিমুদ্দিন।
বৃহস্পতিবার এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বামপন্থী দলগুলি।
অন্যদিকে, বুধবারের একক সমাবেশের পর বৃহস্পতিবারও দীপঙ্কর ভট্টাচার্য ভোট চুরির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি প্রস্তাব দেন, রাজ্যেও 'ইন্ডিয়া' জোটের সমস্ত শরিক একজোট হয়ে আন্দোলন করুক। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন যে, গণতান্ত্রিক তৃণমূলই মূলত বিজেপি-ঘনিষ্ঠ। কিন্তু সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাফ জানিয়ে দেন, তৃণমূলের কোনও গোষ্ঠীকেই তারা আন্দোলনে যুক্ত করবেন না।
প্রসঙ্গত, গত নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে তিনি হারেননি, বরং ‘ভোট চুরি’ করে তাঁকে হারানো হয়েছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনের পর এই অভিযোগ আরও জোরালো হয় এবং জ্ঞানেশ-বিরোধী আন্দোলন তীব্র হয়। দিল্লিতে বিরোধী জোট পথে নামলেও, বাংলায় তৃণমূলকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে যে সিপিএম কোনওভাবেই রাজি নয়, তা বৃহস্পতিবারের অবস্থান থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল।